সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ২৯ এপ্রিল ২০২৬ , ৯:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কলার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে এবং দুই সন্তানের পিতা।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে শিশুটি প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে গেলে সেখানে কাউকে না পেয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম তাকে কলা দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। সেখানেই তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।
এক পর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যরা শিশুটিকে ডাক দিলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন এবং ঘটনাটি কারও কাছে না জানানোর জন্য বলে দেন। পরে শিশুটি সবকিছু পরিবারের সদস্যদের জানায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে থানায় মামলা দায়ের করেন।




















