সারাদেশ

শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

  সিলেট প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১:১৪:৪২ প্রিন্ট সংস্করণ

 

শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

সংগঠনের নেতারা জানিয়েছেন, শনিবার (৬ জুন) এর মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাব-৯-এর কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তারা আরও অভিযোগ করেন, মামলার অন্যতম অভিযুক্ত নাসির উদ্দিন দেশত্যাগ করেছেন।

তবে এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার বলেন, “মূল আসামিদের গ্রেফতারে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এদিকে ধর্মঘটের ঘোষণায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ককেন্দ্রিক পরিবহন খাতে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত আসামিদের গ্রেফতার এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content