জাতীয়

রাজধানীতে কড়া নজরদারি

  প্রতিনিধি ২৩ জুন ২০২৬ , ১১:৫৫:১২ প্রিন্ট সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সরকারের পক্ষ থেকে ঢাকাসহ আরও চারটি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।আজ মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখা যায়। ঢাকায় একযোগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।

আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গুলিস্তান, প্রেসক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডি এলাকায় পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, যেসব এলাকায় জনসমাগম হওয়ার আশঙ্কা রয়েছে সেসব এলাকায় সকাল থেকেই পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে রাজধানীর গুলিস্তান, প্রেসক্লাব এলাকা, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডি ৩২ নম্বরসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। জায়গা জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সকাল থেকে পুলিশ সদস্যরা এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্বাভাবিক সময়ের তুলনায় ওইসব এলাকায় সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহরম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়–ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় নয় দিনের জন্য প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েনের অনুরোধ করা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২২ থেকে ৩০ জুন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।

আরও খবর

Sponsered content