মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৬ , ৯:০২:৫৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে হামলার মুখে পড়েছে প্রশাসন ও পুলিশ। অভিযান শেষে আসামি নিয়ে ফেরার পথে সরকারি গাড়ি ঘিরে হামলা চালিয়ে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল যুবক। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বরসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাসপাড়া গ্রামের ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীর সঙ্গে একই এলাকার আল-আমিনের বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। পরে বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং বর আল-আমিনকে হেফাজতে নেয় পুলিশ।
প্রশাসনের দলটি আসামিকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল সরকারি গাড়ি ঘিরে ফেলে। তারা পুলিশ ও প্রশাসনের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং হেফাজতে থাকা বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আত্রাই থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বর আল-আমিন, তার সহযোগী মাহতাব ও কনেকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, সরকারি কাজে বাধা ও প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজল নামে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বরসহ তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা ও প্রশাসনিক দলের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিয়ের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। আইন ভেঙে বাল্যবিয়ের আয়োজন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।





















