ধর্ম

বাংলাদেশ তাবলিগ জামাতের নতুন আমীর সৈয়দ ওয়াসিফুল ইসলাম

  নুরুজ্জামান শেখ ১ ডিসেম্বর ২০২৫ , ১:৫৪:০৯ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ তাবলীগ জামাতের নতুন আমীর হিসেবে ঘোষণা করা হয়েছে দেশবরেণ্য দাঈ ও অভিজ্ঞ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামকে। শনিবার (৩০ নভেম্বর) ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক ইজতেমার সর্বোচ্চ পরামর্শ সভা—আলমি মাশওয়ারা–য় এই সিদ্ধান্ত ঘোষণা করেন তাবলীগ জামাতের বিশ্ব আমীর মাওলানা সাদ কান্ধলভী।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের শুরা আমীর হিসেবে প্রফেসর ইউনুস সিকদার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। দেশে আমীরকে সহযোগিতা করবেন কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ ও হাফেজ ওজিউল্লাহ, যাঁদের শুরা সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।

নতুন আমীর নির্বাচনের খবর দেশে পৌঁছালে তাবলীগ জামাতের অনুসারীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই সৈয়দ ওয়াসিফুল ইসলাম তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি ও নেতৃত্বের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত। ১৯৯৯ সাল থেকে তিনি আহলে শুরার সদস্য হিসেবে ঢাকার কাকরাইল মসজিদে দাওয়াতি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাবলীগের বৈশ্বিক দাওয়াতি কর্মকাণ্ডে তাঁর অবদান ব্যাপক; এখন পর্যন্ত বিশ্বের শতাধিক দেশে ইসলামী দাওয়াতি সফর সম্পন্ন করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন শ্রদ্ধাভাজন দাঈ হিসেবে পরিচিতি পেয়েছেন।

উল্লেখ্য, এবারের ইজতেমায় বাংলাদেশ থেকে প্রায় দেড় হাজার দায়িত্বশীল সদস্য অংশ নিয়েছেন। অতীতে আলমি মাশওয়ারা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হলেও বিশ্ব আমীর মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে না আসায় এবার ইন্দোনেশিয়াতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে বিভিন্ন দেশের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়, যার মধ্যে বাংলাদেশের আমীর হিসেবে দায়িত্ব পান সৈয়দ ওয়াসিফুল ইসলাম।

আরও খবর

Sponsered content