শেরপুর (বগুড়া) প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৪:৩৭:১৫ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শেরপুরে শরতের রাতে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী বাউল গানের আসরে মেতে উঠেছিলেন শত শত গানপ্রেমী মানুষ। উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা পিততলা এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এ লোকজ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
রাত ১০টার দিকে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাফি আল আমিন।
উদ্বোধনী বক্তব্যে রাফি আল আমিন বলেন, ‘গ্রামীণ লোকজ সংস্কৃতি আমাদের শেকড় ও আত্মপরিচয়। আধুনিক প্রযুক্তির যুগে অপসংস্কৃতির আগ্রাসন থেকে তরুণ সমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত ধারায় ফেরাতে এমন আয়োজন অত্যন্ত জরুরি। প্রাচীন বাউল ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তৃণমূলের এ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাত আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর, খানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাসিম শেখ, যুবদল নেতা আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় বাউল গানের মূল আসর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দূর-দূরান্ত থেকে পিততলা এলাকায় সমবেত হন শত শত গানপ্রেমী মানুষ। দেশের বিভিন্ন এলাকার বাউল শিল্পীরা মঞ্চে উঠে বিচ্ছেদী, মারফতি ও দেহতত্ত্বের গান পরিবেশন করেন।
একতারা ও দোতারার সুরে গভীর রাত পর্যন্ত মুখর ছিল পুরো আয়োজনস্থল। বাউল শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়ে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।
আয়োজকেরা বলেন, গ্রামীণ লোকজ সংস্কৃতি ও বাউল ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।





















