খেলাধুলা

হাঁটুর চোটের কারণেই আইপিএলকে বিদায় ধোনির, জানালেন রায়না

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ , ১০:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ

হাঁটুর দীর্ঘদিনের সমস্যার কারণে আইপিএলে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সাবেক সতীর্থ সুরেশ রায়না। এখন থেকে সিএসকের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন ধোনি।

২০২৬ সালের পুরো আইপিএল খেলার মতো শারীরিক সক্ষমতা ধোনির ছিল না। তাই তার অবসরের সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল। রায়নার মতে, দুই হাঁটুর সমস্যাই শেষ পর্যন্ত ধোনিকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেন, ‘মাহি ভাই মৌসুমের বিরতিতে বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছেন। কিন্তু হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি। এখন তার দুই হাঁটুতেই ফোলা রয়েছে। দীর্ঘদিন উইকেটকিপিং করা এবং এত ম্যাচ খেলার ধকল শরীরের ওপর প্রভাব ফেলেছে।’

ধোনি শেষ পর্যন্ত খেলার চেষ্টা চালিয়ে গেছেন বলেও জানান রায়না। তিনি বলেন, ‘সে এত দিন চেষ্টা করে গেছে, ভেবেছে সুস্থ হয়ে উঠতে পারবে। শরীরচর্চাকেন্দ্রেও খুব কঠোর পরিশ্রম করেছে। হাঁটু ফুলে যাওয়ার পরও সাক্ষাৎকারে সে সব সময় বলেছে, কখনোই ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলতে চায়নি।’

রায়নার মতে, ধোনির এই অবস্থান তার অধিনায়কসুলভ মানসিকতা ও সাহসের পরিচয় দেয়। তিনি বলেন, ‘এটি তার অধিনায়ক হিসেবে ব্যক্তিত্বের অনেক কিছুই প্রকাশ করে এবং তার সাহসের পরিচয় দেয়। সে খেলাটা চালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তার শরীর আর সেই ধকল নিতে পারছে না।’

আইপিএলের সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবেও ধোনিকে অভিহিত করেছেন রায়না। চেন্নাই সুপার কিংস ও আইপিএলের জন্য ধোনির অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সিএসকে এবং আইপিএলের জন্য সে অনেক কিছু করেছে। সমর্থক, বড় বড় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং ২০০৮ সাল থেকে বেড়ে ওঠা শিশুদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে, তা অসাধারণ।’

চেন্নাই সুপার কিংস এত বছর ধরে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে ধোনির নেতৃত্ব ও সমর্থকদের ভালোবাসার কারণে বলে মনে করেন রায়না।

তিনি বলেন, ‘সিএসকে এত বছর টিকে আছে মাহি ভাইয়ের কারণে। তার পাশে ছিল হুইসেল পোডু আর্মির সমর্থন। স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে মিলেও সে দারুণ কাজ করেছে।’

ধোনির ক্রিকেটীয় সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান।

রায়নার ভাষায়, ‘খেলোয়াড় ও মানুষ হিসেবে সে অসাধারণ কাজ করেছে। এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে বড় ব্র্যান্ড সে। এত বছর আইপিএল খেলে এত বড় খেলোয়াড়ে পরিণত হয়েছে। তবে মানুষ হিসেবে তার কাছ থেকে আমরা যা শিখেছি, সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ।’

আরও খবর

Sponsered content