সারাদেশ

অবৈধ মজুদ থেকে কৃষকের হাতে: নিয়ামতপুরে জব্দ সার সরকারি দামে বিক্রি

  নওগাঁ প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৮:২৮:১৪ প্রিন্ট সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ করা প্রায় পাঁচ হাজার বস্তা রাসায়নিক সার জব্দের পর কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসনের তদারকিতে এ সার বিক্রি শুরু হয়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার খড়িবাড়ি বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের চারটি গুদাম থেকে এসব সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খড়িবাড়ি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও নিয়ামতপুর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মেসার্স সিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দিক হোসেনের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী বুলবুল আহমেদের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা এবং মেসার্স শহিদুল ট্রেডার্সের স্বত্বাধিকারী শহিদুল ইসলামের দুটি গুদাম থেকে ২ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। পরে গুদামগুলো সিলগালা করা হয়।

জব্দ করা সারের মধ্যে ডিএপি, মিউরেট অব পটাশ (এমওপি) ও ইউরিয়া সার রয়েছে; সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার বস্তা সার জব্দ করা হয়।

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারের তিনটি পয়েন্টে চারটি গুদাম থেকে এসব সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিন হাজার বস্তা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। বাকি সারও পর্যায়ক্রমে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুদ করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল। অভিযান চালিয়ে সার জব্দ করার পর কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

আরও খবর

Sponsered content