নওগাঁ প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৯:৪৩:০৫ প্রিন্ট সংস্করণ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে চার ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে নওগাঁ সদর ও মান্দাসহ চারটি উপজেলার ৪২টি ইউনিয়নে ভোট হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত জেলাভিত্তিক নির্বাচনী ধাপের সারসংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে নওগাঁ সদর, মান্দা, আত্রাই ও রাণীনগর উপজেলার ৪২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে বদলগাছী ও মহাদেবপুর উপজেলার ১৮টি, তৃতীয় ধাপে ধামইরহাট ও পত্নীতলা উপজেলার ১৯টি এবং চতুর্থ ধাপে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচন হবে। নওগাঁ জেলার কোনো উপজেলাকে পঞ্চম ধাপের আওতায় রাখা হয়নি।
নির্বাচন কমিশনের প্রকাশিত পথনকশা (রোডম্যাপ) অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ২১ জানুয়ারি। এ ছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইসির সারসংক্ষেপ অনুযায়ী, সারা দেশে পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর তফসিল ঘোষণা করা হবে।



















