নওগাঁ প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৯:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার জামদই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা করার পর পাল্টা মামলার মুখে পড়েছেন বাদী আব্দুল মতিন (২৩)। আহত অবস্থায় বর্তমানে তাঁকে পালিয়ে বেড়াতে হচ্ছে বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
গত ৪ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে উপজেলার জামদই গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল মতিন বাদী হয়ে হযরত আলীসহ পাঁচজনের বিরুদ্ধে এবং হযরত আলী বাদী হয়ে মতিন ও তাঁর বাবা-মাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। ১২ নভেম্বর মান্দা থানায় মামলা দুটি রেকর্ড করা হয়; মামলা নম্বর ১৬ ও ১৭।
মতিনের করা এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হযরত আলী ও তাঁর পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে হযরত আলীসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বসতবাড়ির খলিয়ানে ঢুকে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে হযরত আলীর নির্দেশে আরিফুল ইসলাম ধারালো হাসুয়া দিয়ে মতিনের বাবা মমতাজ হোসেনের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হন। লাঠির আঘাত ঠেকাতে গিয়ে তাঁর ডান হাতের কব্জিতে হাড় ভেঙে যায়।
মতিনের পরিবারের সদস্যদের দাবি, হামলার পর থেকে চিকিৎসা, মামলা ও নিরাপত্তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। পাল্টা মামলার কারণে মতিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও বিচার চেয়েছেন তাঁরা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “জামদই গ্রামের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর কয়েকজন জানান, জমি নিয়ে এ ধরনের সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলা অনাকাঙ্ক্ষিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।



















