সারাদেশ

নৈরাজ্যকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না: এম এ হান্নান

  ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ২৩ নভেম্বর ২০২৬ , ৯:১৭:৫৫ প্রিন্ট সংস্করণ

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, ‘নৈরাজ্যকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না।’

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবি মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়; মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ হান্নান। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুকুল পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, যেকোনো অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ। সাধারণ মানুষের ওপর হামলা ও নৈরাজ্য অবিলম্বে বন্ধ না হলে রাজপথেই তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, নজরুল পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, জেলা যুবদলের সদস্য আবদুল মতিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান মঞ্জু ও সাধারণ সম্পাদক শাওন চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content