সারাদেশ

কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ৪:৫৩:১১ প্রিন্ট সংস্করণ

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার হারাগাছ ও টেপামধুপুর ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের রংপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের মাইদুল ইসলাম মুকুল (৩৩) ও টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের জসমত আলী (৬০)। পুলিশের তথ্য অনুযায়ী, মাইদুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য এবং জসমত আলী সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কাউনিয়া থানা-পুলিশের পৃথক দল হারাগাছ ও টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, গত ১২ নভেম্বর ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার খোর্দ্দভুতছাড়া এলাকায় দলবদ্ধ হয়ে নাশকতার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। গ্রেপ্তার দুজন ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content