জয়পুরহাট প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৫:৪৮:৫১ প্রিন্ট সংস্করণ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামকে (৫৫) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন জমির আইল কাটতে গেলে ছোট ভাই নবিরুল ইসলামের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাইয়ের ওপর আঘাত করলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন নবিরুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















