সারাদেশ

রংপুর ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ভিড়

  রংপুর প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ১০:০৬:২৯ প্রিন্ট সংস্করণ

রংপুর নগরীর দর্শনা এলাকায় চলমান আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে মুসল্লিদের সমাগম হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজে অংশ নিতে রংপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গণে আসেন। মুসল্লিদের ভিড়ে মূল প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের সড়ক, মাঠ, দোকানপাট ও বাসাবাড়ির ছাদে লোকজন অবস্থান নেন।

জুমার নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। বিভিন্ন বয়সী মুসল্লিরা জানান, তাঁরা প্রতি বছরই ইজতেমায় অংশ নেন এবং ধর্মীয় আলোচনা শোনেন।

মুসল্লিদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন রাখতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে রংপুর মহানগর পুলিশ। ইজতেমা মাঠ, খিত্তা ও আশপাশের এলাকায় আড়াই শতাধিক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় কাজ করছে পুলিশ। ইজতেমা কর্তৃপক্ষের দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবীও দায়িত্ব পালন করছেন।

এদিকে মুসল্লিদের সেবায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও খাবার পানি দেওয়া হচ্ছে। ফ্রেন্ডস সার্কেল ১৯৯৯-এর উদ্যোগেও বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প বসানো হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ইজতেমায় নয়টি খিত্তা করা হয়েছে। এতে সুদান ও মালয়েশিয়ার দুটি বিদেশি জামাত অংশ নিয়েছে। মুসল্লিদের জন্য চার শতাধিক শৌচাগার এবং একসঙ্গে ছয় হাজার মানুষের গোসল ও অজুর ব্যবস্থা রাখা হয়েছে। এবার ইজতেমা থেকে ১০০টি জামাত বের করার লক্ষ্য রয়েছে আয়োজকদের।

রংপুর ইজতেমার আমির সাজ্জাদুর রহমান বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ইজতেমা চলছে। তবে মাঠে আমন ধান থাকা ও বৃষ্টির কারণে জামাতের সংখ্যা কিছুটা কম হতে পারে।

আয়োজকদের আশা, শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় আখেরি মোনাজাতে দুই লাখের বেশি মুসল্লি অংশ নেবেন। মোনাজাত পরিচালনা করবেন হাফেজ ওয়াজি উল্লাহ। মোনাজাতের মধ্য দিয়ে এবারের আঞ্চলিক ইজতেমা শেষ হবে।

আরও খবর

Sponsered content