সারাদেশ

মাধবপুরে র‍্যাব-৯-এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৩ মার্চ ২০২৬ , ১০:৪৩:৪২ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাধবপুর উপজেলার সাহেব বাড়ী গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার জগদীশপুর ইউনিয়নের সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিল এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাবের দল তাকে আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তির হেফাজতে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব-৯-এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত আলামত মাধবপুর থানা-য় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content