আন্তর্জাতিক

হরমুজ উন্মুক্তের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৯:০২:২৭ প্রিন্ট সংস্করণ

ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ঘোষণার পর এই ইতিবাচক প্রভাব দেখা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। অথচ দিনের শুরুতেও এর দাম ছিল ৯৮ ডলারের ওপরে। একইভাবে মার্কিন তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ‘নাইমেক্স লাইট সুইট ক্রুড’ এর দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে। গত মার্চ মাসের শুরুতে এটি ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষের দিকে সর্বোচ্চ ১১৯ ডলারে গিয়ে ঠেকেছিল।

এদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার খবরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।

প্যারিসের সিএসি এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স- উভয় বাজারের সূচকই দুই শতাংশের বেশি বেড়েছে। লন্ডনের এফটিএসই সূচকেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে।

এ ছাড়া লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটেই যুক্তরাষ্ট্রের ডাও জোনস সূচক এক দশমিক তিন শতাংশ এবং এসঅ্যান্ডপি শূন্য দশমিক সাত শতাংশ বেড়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ বা সীমিত হয়ে পড়েছিল। এবার লেবাননে ১০ দিনের যুদ্ধের সাময়িক বিরতির প্রেক্ষাপটে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আরও খবর

Sponsered content