সারাদেশ

নাগেশ্বরীতে ধর্ষণের পর হত্যার অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অভিযুক্তের বাড়িঘর

  আশরাফুল আলম ফুল, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৮:২৫ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করা হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে আগুন ধরিয়ে দিলে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মোমিনুল ইসলাম (২৫) প্রতিবেশী মশিউর রহমান ও মন্জু দম্পতির ছোট ছেলে মুরসালিন মিয়া (৮) কে মোবাইলে ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয়। পরে শিশুটিকে ধর্ষণ করে হত্যা করে পালিয়ে যায় মোমিনুল।

পরের দিন পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গিয়ে মোমিনুলের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মুরসালিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা মোমিনুলের বাড়ি ও তার নানার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভালেও এর আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনায় পুলিশ মোমিনুলের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন (১৮), প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগমকে আটক করেছে। তারা অভিযুক্তকে পালাতে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে মূল অভিযুক্ত মোমিনুল ইসলামসহ তার বাবা ফরিদ উদ্দিন, ভায়রা আব্দুল্লাহ ও শ্যালক মাসুম মিয়া এখনও পলাতক।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।”

আরও খবর

Sponsered content