অপরাধ

মাগুরায় প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ভাঙচুর লুটপাট

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি  ২৭ জুন ২০২৬ , ১১:১৩:০৮ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুর উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) ভোরে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাশালিয়া গ্রামের আব্দুর রশিদের পক্ষের সঙ্গে আকবর মণ্ডলের পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে গত ১৮ মে সংঘটিত এক হামলায় আকবর মণ্ডল নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলে মামলার আসামিরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগে দুই দফা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও শনিবার ভোরে নিহত আকবর মণ্ডলের ছেলে হাসান আলীর নেতৃত্বে প্রায় দেড় শতাধিক ব্যক্তি আলাউদ্দিন শেখ, সবুর খাঁ, নিকবার খাঁ, ইকবার খাঁ, হৃদয়, নজরুল শেখ, কামরুল শেখ, ওলিয়ার শেখ, আলম শেখ, রাসেল শেখ, আহম, মহম, ওহাব, ছবিয়ার, মহনসহ অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাসান আলী বা তার পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আরও খবর

Sponsered content