মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৬ নভেম্বর ২০২৬ , ৯:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া নোয়াহাটি বাজার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল নোয়াহাটি বাজার মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় শাহপুর সড়ক দিয়ে আসা সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক পুলিশের বাধা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং একই গ্রামের জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ-১৩-২৫৯০।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা বলেন, থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যরা সমন্বিতভাবে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





















