প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১০:০৯:১৯ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় ঐতিহ্যবাহী মৃৎশিল্পের বিকাশে কুমার পল্লীর কারিগরদের হাতে দুটি মাটি মিক্সার মেশিন হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের এডিপি তহবিল থেকে বরাদ্দের মাধ্যমে এ মেশিন দুটি প্রদান করা হয়।
নুরুল্লাবাদ ইউনিয়নের পালপাড়া ও তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর পালপাড়ায় পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমারদের হাতে মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
ইউএনও আখতার জাহান সাথী বলেন, “মৃৎশিল্প আমাদের শতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কুমারদের হাতে আধুনিক সরঞ্জাম পৌঁছে দিলে উৎপাদন বাড়বে, সময় বাঁচবে এবং পণ্যের গুণগত মানও উন্নত হবে।”
নতুন মেশিন পেয়ে কুমার পল্লীর কারিগররা আনন্দ প্রকাশ করে জানান, আগে মাটি মেশাতে অনেক সময় ও পরিশ্রম লাগত। এখন মিক্সারের সহায়তায় কাজ দ্রুত সম্পন্ন হবে এবং মাটির মানও আরও উন্নত হবে।
মৃৎশিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রামীণ ঐতিহ্যের এই শিল্পে কর্মসংস্থান ও পেশাগত আত্মনির্ভরতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।





















