সারাদেশ

শহীদ নিজাম উদ্দিন মুন্না ও তরিকুল ঝন্টুর স্মরণে দক্ষিণখানে কোরআন খতম ও দোয়া মাহফিল

   নাজমুল ইসলাম মণ্ডল ৭ ডিসেম্বর ২০২৫ , ১১:১৬:৪১ প্রিন্ট সংস্করণ

 

২০১৩ সালের ৬ ডিসেম্বর গুম হওয়া শহীদ নিজাম উদ্দিন মুন্না ও শহীদ তরিকুল ইসলাম ঝন্টুর স্মরণে রাজধানীর দক্ষিণখান থানাধীন প্রেমবাগান এলাকায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ নিজাম উদ্দিন মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার (৬ ডিসেম্বর) এ আয়োজন করা হয়।

শহীদ নিজাম উদ্দিন মুন্না স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নাজমুল হক মণ্ডল অপুর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি ও বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে কোরআন খতম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা–১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মো. মনির হোসেন ভূঁইয়া, দক্ষিণখান থানা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক সদস্য শাহ আলম মেম্বার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সবুজ, ইতালি বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল আলম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস কে খোকন, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক আখলাকুর সায়েম রনি, বিমানবন্দর থানার সাংগঠনিক ওয়ার্ডের সদস্যসচিব আব্দুর রহিম, ওয়ার্ড আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বিমানবন্দর থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান আশিকসহ যুবদল–ছাত্রদলের বহু নেতা–কর্মী।

দোয়া মাহফিলে গুম হওয়া শহীদ নিজাম উদ্দিন মুন্না ও তরিকুল ইসলাম ঝন্টুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, “প্রায় একযুগের বেশি সময় ধরে আমরা আমাদের ভাইদের কোনো খোঁজ পাইনি। শুধু বিএনপির রাজনীতি করার কারণেই তাদের গুম করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সহযোগিতা পাইনি। আমরা বিশ্বাস করি, বিএনপি ক্ষমতায় এলে এ ঘটনার সুষ্ঠু বিচার হবে।”

সভাপতির বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, “২০১৩ সালের ৬ ডিসেম্বর সাদা পোশাকধারীরা এই প্রেমবাগান এলাকা থেকে নিজাম উদ্দিন মুন্না ও তরিকুল ইসলাম ঝন্টুকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো সন্ধান নেই। আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু বিচার পাইনি, বরং নানাভাবে হুমকি–ধমকি ও মিথ্যা মামলার শিকার হয়েছি।”

তিনি আরও জানান, “নিজাম উদ্দিন মুন্না ও তরিকুল ঝন্টুর বিষয়ে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে বিএনপির কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছিলাম। ওই কারণেই আমার ওপর নির্যাতন বেড়েছে, এমনকি ক্রসফায়ারের হুমকিও পেয়েছি। তারপরও আমি সবসময় শহীদ দুই পরিবারের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

একই সঙ্গে তিনি ঢাকা–১৮ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দেওয়ায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “বিমানবন্দর থানা বিএনপি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে যাবে।”

কোরআন খতম ও দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, নিখোঁজ নেতা–কর্মীদের সুস্থভাবে ফেরত আসা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content