রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,
“যেসব নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে, তাদের মরদেহ অতি দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর যাদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের **ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করে পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এছাড়া আহতদের চিকিৎসা প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে গভীর শোক ও সহানুভূতি জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হন।
বিমান দুর্ঘটনার তদন্তে বিমানবাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।





























