প্রচ্ছদ

দাখিলে চমক: ৯৬.৭৭% পাসে জেলার শীর্ষে কালিকাপুর আলিম মাদ্রাসা

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৯:২৪:৫২ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর আলিম মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির মোট ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে গোল্ডেন এ-প্লাস পেয়েছেন ২ জন, সাধারণ এ-প্লাস পেয়েছেন ১২ জন এবং বাকি ১৮ জন শিক্ষার্থী পেয়েছেন এ গ্রেড। এতে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে ৯৬.৭৭ শতাংশ, যা জেলার মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে।

এই সাফল্যে মাদ্রাসায় বইছে আনন্দ-উৎসবের আমেজ। শিক্ষার্থীদের এ অর্জনে খুশি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, শিক্ষকদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান এবং ছাত্রদের মনোযোগী অধ্যবসায়ই এমন ফলাফলের মূল কারণ।

মাদ্রাসার অধ্যক্ষ ড. মামুনুর রশিদ বলেন, “আমরা প্রতিটি শিক্ষার্থীর ওপর আলাদা নজর দিই। তাদের দুর্বলতা চিহ্নিত করে কাজ করি। ফলাফল আমাদের প্রচেষ্টারই প্রতিফলন। আমরা চাই, ভবিষ্যতেও এমন ফলাফল ধরে রাখতে।”

মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, “এই সফলতার পেছনে শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্ববোধ কাজ করেছে। সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

উল্লেখ্য, বর্তমানে কালিকাপুর আলিম মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৩৪ জন। ধারাবাহিক এ সাফল্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে উঠবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

আরও খবর

Sponsered content