তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১১ নভেম্বর ২০২৫ , ৭:০৪:২৮ প্রিন্ট সংস্করণ
‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ — এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মুন্সী আবু জাফরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করলেই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।














