তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ১৯ নভেম্বর ২০২৫ , ৫:৪৬:১৯ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়। জেলা তথ্য অফিসার আব্দুর রউফ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
সভায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, আলাউদ্দিন আজাদ, মাহমুদ হাসান টিপু, সাদ্দাম হোসেনসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সেবামুখী প্রশাসন এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,
“গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের সঠিক তথ্য তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনা আমাদের কাজকে আরও গতিশীল করে।”
এ সময় সাংবাদিকরা জেলার সমস্যা, চ্যালেঞ্জ ও অগ্রাধিকারমূলক উন্নয়ন ইস্যু তুলে ধরে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন।
মতবিনিময় শেষে উভয় পক্ষই জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই গঠনমূলক আলোচনা প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে।




















