মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব প্রতিনিধি: ১৮ ডিসেম্বর ২০২৫ , ৫:১৮:৫৬ প্রিন্ট সংস্করণ
প্রবাসী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেড ইন সৌদি ২০২৫’। সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ১৫ থেকে ১৭ ডিসেম্বর রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল-খোরাইফ প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বলেন, ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি পণ্যকে বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিতেই ‘মেড ইন সৌদি’ উদ্যোগ। বর্তমানে এই কর্মসূচির আওতায় ১৯ হাজারেরও বেশি সৌদি পণ্য বিশ্বের ১৮০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশটির অর্থনীতিতে প্রবাসী ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত করছে।
এই আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল সৌদি ও বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে স্বাক্ষরিত একটি বাণিজ্যিক প্রতিনিধিত্ব চুক্তি। সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সিল্ক ইউনাইটেড (দ্য এক্সপোর্ট হাউস) এবং বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ডিউনডেল্টা ট্রেডিং অ্যান্ড মার্কেটিং-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিল্ক ইউনাইটেড-এর সিইও মুসায়াদ বিন মনসুর আল-হালওয়ান এবং ডিউনডেল্টা ট্রেডিং অ্যান্ড মার্কেটিং-এর সিইও বাকি বিল্লাহ আল মাদানী।
চুক্তি প্রসঙ্গে ডিউনডেল্টা-এর সিইও বাকি বিল্লাহ আল মাদানী বলেন,
“এই অংশীদারিত্ব সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি নিরাপদ ও সরাসরি বাণিজ্যিক সংযোগ তৈরি করবে। প্রবাসী আমদানিকারকরা ‘ওয়ান-স্টপ শপ’ সুবিধায় একটি শিপমেন্টেই বিভিন্ন সৌদি পণ্য সংগ্রহ করতে পারবেন, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করবে।”
অনুষ্ঠানে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মাহবুবুর রহমান উপস্থিত থেকে প্রবাসী ব্যবসায়ীদের এমন উদ্যোগকে স্বাগত জানান। এছাড়াও সৌদি ও বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী এবং বাণিজ্য প্রতিনিধিরা এতে অংশ নেন।
ব্যবসা সংশ্লিষ্টদের মতে, এই প্রতিনিধিত্ব চুক্তি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে প্রবাসী ব্যবসা-কেন্দ্রিক আমদানি–রপ্তানি কার্যক্রমকে নতুন গতি দেবে। পাশাপাশি এটি দুই দেশের উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও টেকসই বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।




















