স্টাফ রিপোর্টার: ১৮ ডিসেম্বর ২০২৫ , ৫:১২:০৭ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল ও সমাজকর্মী মেঘনা আলম। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়েই তিনি রাজনীতিতে এগিয়ে এসেছেন।
এ প্রসঙ্গে মেঘনা আলম বলেন,“বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’—এমন প্রতিশ্রুতি শোনা গেছে। কিন্তু বাস্তব উন্নয়নের জন্য প্রয়োজন এমন নেতৃত্ব, যাঁর চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ আন্তর্জাতিক মানসম্পন্ন এবং যিনি বৈশ্বিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত ও টেকসই রূপান্তরের মাধ্যমেই একটি এলাকার জীবনমান পরিবর্তন সম্ভব, আর সেই লক্ষ্য নিয়েই তিনি ঢাকা-৮ আসনের মানুষের পাশে দাঁড়াতে চান।

নারী নিরাপত্তা প্রসঙ্গে মেঘনা আলম জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে। এতে করে পথচারী নারীরা স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে সুরক্ষা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া তিনি বলেন,“এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলতে ও সাইকেল ব্যবহারে উৎসাহিত হয়।”
জনস্বার্থমূলক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, গোসলের সুবিধা, ব্রেস্টফিডিং কর্নার, শিশুদের ডায়াপার পরিবর্তনের স্থান এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর প্রতিশ্রুতি দেন। এসব সুবিধা বস্তিবাসী, সাধারণ পথচারী এবং পার্কে আসা নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করবে বলে জানান তিনি।
সবশেষে মেঘনা আলম বলেন,“আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টি চাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন, সামাজিক সচেতনতা এবং আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
তার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।











