প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৭:২৮:০৭ প্রিন্ট সংস্করণ
দুর্নীতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে আসাদুজ্জামান হিরু, তার স্ত্রী ইসরাত জাহান এবং তাদের সহযোগী আক্তারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দিয়েছেন।
আসাদুজ্জামানের মামলায় দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক নাছরুল্লাহ হোসাইন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে আসাদুজ্জামান ও অন্যান্যদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। আসাদুজ্জামান ও অন্যান্য ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা প্রয়োজন।
গত ১৬ জানুয়ারি দিনগত রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জুলাই আন্দোলনের সময় বাড্ডায় পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।





