মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৭ জানুয়ারি ২০২৬ , ৫:৩৩:২০ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় গরু চোর সন্দেহে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন ব্যক্তি সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মো. মমিন আলী (২৫)। তাদের সঙ্গে থাকা অপর দুইজন—মো. বাবু (২২) ও পিঠু ওরফে বাবু—এর মধ্যে একজন ভারতের অভ্যন্তরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং অন্যজন ধাওয়ার সময় পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় পুলিশ দুইজনকে আটক করেছে। অপরদিকে একজন ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন এবং অন্যজন বাংলাদেশে পালিয়ে এসেছেন।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা রাতের কোনো এক সময় অবৈধভাবে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেন। এ সময় বিএসএফ তাদের ধাওয়া দেয় এবং সঙ্গে থাকা সাতটি গরু জব্দ করে নিয়ে যায়।
ঘটনাটি এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।




















