সারাদেশ

সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান, সমাবেশে গণজোয়ারের প্রত্যয়

  সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০০:১৭ প্রিন্ট সংস্করণ


সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা, ৭টি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার মোট ২১৭ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। এ উপলক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। তিনি যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বলেন, “সাতক্ষীরায় বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি। আজকের এই বিশাল যোগদানে দল আরও গতিশীল হবে, যার ইতিবাচক প্রভাব ভোটের মাঠে প্রতিফলিত হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে।”

সভাপতির বক্তব্যে ডক্টর রবিউল ইসলাম খান সদ্য প্রয়াত নাগরিক নারী ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট হাসনা হেনা খানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা থাকায় ভবিষ্যতেও দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে নাগরিক ঐক্যের ২১৭ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী এবং জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি।

আলোচনা সভা শেষে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নবাগত ২১৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষপর্যন্ত সমাবেশটি বৃহৎ জনসমাবেশে রূপ নেয়, যেখানে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর

Sponsered content