মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৫২:১৫ প্রিন্ট সংস্করণ
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হোয়াইট বোর্ড পেন দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ।
চন্দ্রিমা থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ভদ্রা আবাসিক এলাকার ৫ নম্বর রোডে অবস্থিত বর্ণমালা আদর্শ স্কুল ২০২২ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। নতুন এই স্কুলে এ ধরনের ঘটনার অভিযোগ ওঠায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের ভেতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষিকা মোসা. মৌসুমী (২৭) হাতে থাকা হোয়াইট বোর্ড পেন দিয়ে শিক্ষার্থী সোহানী রহমান স্নেহা (১২)-এর নাকে আঘাত করেন। এতে তার নাকে ক্ষত সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসা. শিমু (২৮) অভিযোগে জানান, ঘটনার পর তিনি স্কুলে গিয়ে কোনো প্রতিবাদ জানাননি। বরং বিষয়টি ধামাচাপা দিতে বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাসুদ আলী-সহ দুই শিক্ষক তার বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় ঘটনা প্রকাশ করলে তার মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এক স্থানীয় অভিভাবক বলেন, “মাত্র কয়েক বছরের পুরোনো একটি স্কুলে এমন ঘটনা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।”
এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলীর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।




















