মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ১৯ এপ্রিল ২০২৬ , ২:৪৭:৩৮ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাগমারা উপজেলায় সোহেল রানা নামে পলাতক এক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লার ওই পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে।
সোহেল রানা তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নুরপুর মহল্লার বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এর আগে গত ২১ মার্চ ঈদের রাতে তাহেরপুর পৌরসভা বিএনপির এক শীর্ষ নেতার তৈরি ‘সিক্সস্টার’ বাহিনীর ক্যাডাররা তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের প্রায় ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি পলাতক থাকায় বর্তমানে তার স্বজনরা পুকুরটি দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার রাখা হয়নি।
অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে সোহেল রানা দাবি করেন, পুকুরে বিষ প্রয়োগের ফলে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার কয়েকটি পুকুর বেদখল হয়ে যায় এবং হুমকির কারণে পুকুরে পাহারাদার রাখা সম্ভব হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















