সারাদেশ

জ্বালানি সংকট মোকাবেলায় সাতক্ষীরায় ১৩ দফা সুপারিশ, নবায়নযোগ্য শক্তির ওপর জোর

  সাতক্ষীরা প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ , ৩:৫২:০৮ প্রিন্ট সংস্করণ


‘মানুষ ও পরিবেশের মুক্তি, নবায়নযোগ্য জ্বালানি শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী সংগঠন ‘প্রতিবেশ উন্নয়ন ফোরাম’। জ্বালানি সংকটজনিত ঝুঁকি মোকাবেলায় সরকারের কাছে ১৩ দফা সুপারিশমালা পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় শহরের কটিয়া আমতলা মোড়স্থ ‘স্বদেশ সম্মেলন কক্ষে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মাধব দত্ত। তিনি বলেন, “বর্তমান জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব জনজীবন ও পরিবেশে মারাত্মকভাবে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ এবং নির্বাহী সদস্য আবু জাফর সিদ্দিক। বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জ্বালানি খাতে পরিবেশবান্ধব নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের প্রস্তাবিত ১৩ দফার মধ্যে রয়েছে—সোলার ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প ব্যবস্থা গ্রহণ, পরিবেশ দূষণকারী স্থাপনাগুলোর ওপর কঠোর নজরদারি এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব পরিকল্পনা প্রণয়ন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, পরিবেশ ও জনস্বার্থে তাদের প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আরও খবর

Sponsered content