অপরাধ

টঙ্গীতে বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেফতার

  মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর: ২৬ এপ্রিল ২০২৬ , ১১:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে অধিকাংশই মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিও রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে ৪৩ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৩ জন বিভিন্ন নিয়মিত মামলার আসামি। টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদকসেবন ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৬ এপ্রিল) রাতে টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানের সময় ব্যাপক তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের পরিচয় যাচাই শেষে তাদের আটক করা হয়।

অভিযান চলাকালে কয়েকজনকে মাদকসেবনের সময় হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য মামলার আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “মাদক ও অপরাধ দমনে আমাদের অভিযান চলমান রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।”

স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকসেবন ও অপরাধ অনেকাংশে কমে আসবে।

আরও খবর

Sponsered content