খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন বিটিএস, শাকিরা ও ম্যাডোনা

  প্রতিনিধি ১৪ মে ২০২৬ , ২:২১:০৬ প্রিন্ট সংস্করণ

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের বিরতিতে আয়োজিত বিশেষ সংগীতানুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ঘোষণা করা হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, কলম্বিয়ান তারকা শাকিরা এবং মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনার নাম। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

আন্তর্জাতিক মানবিক সংগঠন গ্লোবাল সিটিজেন একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর জনপ্রিয় চরিত্র এলমোকে দেখা যায় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে কথা বলতে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই বিরতির অনুষ্ঠান থেকে শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহ করা হবে।

ভিডিওতে এলমো মজার ছলে বিটিএস ও শাকিরাকে ফোন করে অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানায়। পরে বিটিএসের সদস্য আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক ভিডিও কলে হাজির হয়ে জানান, তারা এই আয়োজনে থাকছেন। বর্তমানে দলটি তাদের বিশ্ব সফরে ব্যস্ত রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে শুরু হওয়া এ সফরে ৩৪টি শহরে মোট ৮২টি আয়োজন রয়েছে।

এদিকে শাকিরার নাম প্রস্তাব করেন আরেক জনপ্রিয় চরিত্র ‘অ্যানিম্যাল’। কারণ, ২০২৬ বিশ্বকাপের জন্য তার নতুন গান “দাই দাই” ইতোমধ্যে আনুষ্ঠানিক সংগীত হিসেবে ঘোষণা করা হয়েছে। নাইজেরীয় শিল্পী বার্না বয়ের সঙ্গে গাওয়া এই গানটি বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত হচ্ছে। এর আগে ২০১০ বিশ্বকাপে শাকিরার “ওয়াকা ওয়াকা” ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

ম্যাডোনাও থাকছেন এই জমকালো আয়োজনে। আগামী ৩ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম “কনফেশনস টু”, যা ২০০৫ সালের জনপ্রিয় অ্যালবামের ধারাবাহিকতা। সম্প্রতি একটি সংগীত উৎসবে তিনি নতুন গানও পরিবেশন করেছেন।

গ্লোবাল সিটিজেন ও ক্রিস মার্টিন যৌথভাবে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে। বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে ইতোমধ্যে প্রায় ৩ কোটি ডলার তহবিলে যোগ হয়েছে।

এছাড়া ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোও হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন আয়োজক দেশ নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনায় বিশ্বকে স্বাগত জানাবে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন বিশ্বের বহু জনপ্রিয় সংগীতশিল্পী।

আরও খবর

Sponsered content