জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি: ১২ জুন ২০২৬ , ১০:১৮:১৮ প্রিন্ট সংস্করণ
ফেনীতে ‘হেযবুত তওহীদ’ নামের সংগঠনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা নিষিদ্ধের দাবিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ফেনী শহরের দাউদপুর এলাকার এম্বিয়েন্স রেস্টুরেন্ট কনভেনশন হলে ‘বাতিল প্রতিরোধ আন্দোলন, ফেনী’র উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
‘হেযবুত তওহীদ নামক সংগঠনের কার্যক্রম ও তা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুমিনুল হক জাদিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মুফতি ইউসুফ কাসেমী।
সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি রেজাউল করিম আবরার এবং মুফতি শামসুদ্দোহা আশরাফী। তারা সংগঠনটির বিভিন্ন মতাদর্শ ও কার্যক্রম নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন।

বক্তারা অভিযোগ করেন, হেযবুত তওহীদের কিছু বক্তব্য ও কার্যক্রম ইসলামের প্রচলিত আকিদা ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। তাদের দাবি, সংগঠনটির কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
সেমিনারে ফেনী জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বক্তারা জননিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতির স্বার্থে হেযবুত তওহীদের কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




















