আন্তর্জাতিক

ভবানীপুর আসনের ফল চ্যালেঞ্জ করতে হাইকোর্টে মমতা

  প্রতিনিধি ১৭ জুন ২০২৬ , ১:২২:০২ প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা আসনের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত একটি আবেদন দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার বার্তাসংস্থা দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দাখিল করা ওই আবেদনে ভবানীপুর আসনে তার পরাজয়ের ফলাফলকে চ্যালেঞ্জ করেছেন মমতা। ওই আসনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা। পরে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিবেদনে তৃণমূল কংগ্রেসের সূত্রের বরাতে বলা হয়, নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে করা আবেদনের সত্যতা নিশ্চিত করতে মঙ্গলবার হাইকোর্টের রেজিস্ট্রি বিভাগে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে আদালত প্রাঙ্গণ ত্যাগের সময় সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি সাবেক এই মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিজেপি রাজ্যে বড় ধরনের বিজয় অর্জন করে এবং পরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও তার বিরুদ্ধে নির্বাচন মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলাটি এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

নতুন এই নির্বাচনী আবেদন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভবানীপুরের ফলাফল নিয়ে আদালতের সিদ্ধান্ত এখন রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content