প্রতিনিধি ২৪ জুন ২০২৬ , ১২:৫১:৫৭ প্রিন্ট সংস্করণ
ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের যোগাযোগ সচল রাখতে দেশটিতে স্টারলিংকের ইন্টারনেট রিসিভার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বেনেটের দাবি, আন্দোলনকারীদের সহায়তায় ইসরায়েল ইরানে বিপুল সংখ্যক স্টারলিংক রিসিভার পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেয়। এ উদ্যোগের মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম চালু রেখে বিক্ষোভকারীদের মধ্যে সমন্বয় বজায় রাখার লক্ষ্য ছিল।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান সরকার পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ হাজার স্টারলিংক রিসিভার সংগ্রহ ও ইরানে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল, যার চূড়ান্ত লক্ষ্য ছিল আন্দোলনকে শক্তিশালী করা এবং সরকারের বিরুদ্ধে চাপ বাড়ানো।
ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে। ইরান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের যন্ত্রপাতি অবৈধভাবে দেশে প্রবেশ করানোর অভিযোগ তুলেছিল।
রয়টার্স জানিয়েছে, ইরানে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক ব্যবহারের অনুমোদন নেই। তবে এর আগে ইলন মাস্ক দেশটিতে এ সেবা চালুর বিষয়ে মন্তব্য করেছিলেন।
বেনেট আরও বলেন, বর্তমান ইসরায়েলি সরকার উদ্যোগটি থামিয়ে দেওয়ায় আন্দোলনের সময় প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা গড়ে তোলা সম্ভব হয়নি।
এদিকে, বেনেটের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহুর কার্যালয়। একইভাবে, অফিস সময় শেষ হয়ে যাওয়ায় স্পেসএক্সের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানে বিভিন্ন সময়ে বিক্ষোভ বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ইন্টারনেট সংযোগ সীমিত বা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরুতে দেশব্যাপী বিক্ষোভ এবং পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময়ও দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা যায়।
রয়টার্সের আগের কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইন্টারনেট বন্ধ থাকায় অনেক ইরানি বিকল্প হিসেবে স্টারলিংক ব্যবহারের চেষ্টা করেছিলেন।














