আন্তর্জাতিক

এবার গাজা ও পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ দেখিয়ে মানচিত্র প্রকাশ যুক্তরাষ্ট্রের

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ১২:১৪:০২ প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি স্ক্রিনশটকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের ১০ দিনের মধ্যপ্রাচ্য সফর নিয়ে প্রকাশিত একটি বিবৃতির সঙ্গে ওই মানচিত্রটি সংযুক্ত করা হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোতে দেখা যায়, মানচিত্রে ইসরায়েলের ভূখণ্ডের মধ্যে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মানচিত্রটি প্রকাশের পর এক্স ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়ে সেন্টকম। এক ব্যবহারকারী লিখেছেন, ‘পশ্চিম তীর ও গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানোর সাহস হলো কীভাবে? এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।’

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিকও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তারা সেন্টকমকে খোঁচা দিয়ে মন্তব্য করে, মধ্যপ্রাচ্যের ভূগোল উপস্থাপনে সেন্টকম মনে হয় আবারও ভুল করেছে এবং এমন একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে গাজা ও পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

তবে পরে সেন্টকম মানচিত্রটি সংশোধন করেছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা সেন্টকমের ওই বিবৃতি পর্যালোচনা করার সময় দেখতে পায়, অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েল থেকে আলাদা করে দেখানো হয়েছে। তবে গাজা উপত্যকাকে তখনো আলাদা ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়নি।

ফিলিস্তিনের ভূখণ্ডের রাজনৈতিক মর্যাদা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিতর্ক রয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৭টি রাষ্ট্র ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম প্রধান বিরোধপূর্ণ অঞ্চল গাজা উপত্যকা ও পশ্চিম তীর। বিশেষ করে পশ্চিম তীরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। ফলে সরকারি কোনো মানচিত্রে এসব অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হলে তা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে।

আরও খবর

Sponsered content