সারাদেশ

নিয়োগে অনিয়মের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, চাপে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইস্তফা

  মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৬ , ৯:৫৫:৫১ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রাজারহাটে রাজমাল্লীরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চারটি পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীদের চাপে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার উমরমজিদ ইউনিয়নে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে ‘সচেতন নাগরিক’-এর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা মাদ্রাসার ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে মাদ্রাসা প্রাঙ্গণে নিয়োগ পরীক্ষা আয়োজন এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মানবণ্টনসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখের দাবি তোলেন তারা।

মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাইদুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য দুলাল সরকার, প্রাক্তন ছাত্র সালমান ফারসিসহ স্থানীয়রা বক্তব্য দেন। এলাকাবাসীর পক্ষে কর্মসূচির আয়োজন করেন প্রাক্তন ছাত্র সালমান ফারসি।

পরে বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমানের পদত্যাগের দাবিতে তার কক্ষে প্রবেশ করেন। সংশ্লিষ্টদের দাবি, সেখানে বিক্ষোভকারীদের চাপের মুখে তিনি ইস্তফাপত্র লিখে স্বাক্ষর করেন।

ইস্তফাপত্রে মোখলেছুর রহমান উল্লেখ করেন, এর আগে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। তবে সেটি মঞ্জুর করা হয়নি। বর্তমানে স্থানীয় লোকজনের চাপের কারণে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছেন।

এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সদ্য ইস্তফাপত্র দেওয়া শিক্ষক মোখলেছুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

মাদ্রাসার সভাপতি নুর আমিন গাজী বলেন, নিয়োগ এখনো হয়নি; শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর আগে ইস্তফাপত্র দিয়েছিলেন, তবে কমিটি তা গ্রহণ করেনি। বিভিন্ন বিষয়ে কমিটির পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

চারটি পদে নিয়োগের বিষয়ে তিনি বলেন, ২৭ জন আবেদন করেছেন। তবে এখনো ডিজির প্রতিনিধি নিয়োগ পরীক্ষার নির্দিষ্ট তারিখ দেননি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষের ওপর হামলার অভিযোগের বিষয়ে নুর আমিন গাজী বলেন, তিনি শুনেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে দুবার ঘুষি মারা হয়েছে। পরে তার পাশে দাঁড়িয়ে তার কাছ থেকে ইস্তফাপত্র নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উভয় পক্ষকে ডেকেছেন।

আরও খবর

Sponsered content