সারাদেশ

চুনারুঘাটে মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: দণ্ডিত ২, জব্দ ট্রাক্টর

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৮:১৫:৪৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। একই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস ও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পানছড়ি এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (১৯) এবং আব্দুল মন্নাফের ছেলে মো. পনির মিয়া (২১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। অভিযোগের সত্যতা ও নিজেদের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় শাকিল মিয়াকে এক বছরের এবং পনির মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দুজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে পানছড়িতে রিসোর্ট-সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি খননযন্ত্র (মেশিন) ও পাইপ ধ্বংস করা হয় এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content