বিনোদন

অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ , ২:০১:৫১ প্রিন্ট সংস্করণ

ছোটপর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মাসরিকুল আলম।

রোমান্টিক-কমেডিধর্মী এ নাটকের গল্পে দেখা যাবে, রাহুল তার বাবা সালাম সাহেবকে খুব ভয় পায়। বেকার-অকর্মা বলে প্রতিদিন বাবার কাছে বকা খায় সে। এ অবস্থায় একদিন প্রেমিকা নিতুকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু বাবার ভয়ে বাসায় না ঢুকে নিতুকে দরজার বাইরে রেখে পালিয়ে যায়। রাত হয়ে যায় এবং বৃষ্টি শুরু হয়। সালাম সাহেব দেখেন যে, বাসার সামনে বউ সাজে একটা মেয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে! পরিচয় জানতে চাইলে মেয়েটি বলে সে রাহুলের স্ত্রী। সালাম সাহেব রেগে গিয়ে দরজা বন্ধ করে দেন।

নিতুর মামাতো বোনকে প্রাইভেট পড়াতো রাহুল। সেখান থেকে রাহুলের সঙ্গে পরিচয়। এরপর প্রেম। এক দুর্ঘটনায় নিতুর বাবা-মা দুজনই মারা যাওয়ার পর মামার কাছে বড় হয় নিতু। অনিচ্ছা সত্ত্বেও মামা তার এক বন্ধুর ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিতে চাইলে নিতু বাসা থেকে পালিয়ে রাহুলের কাছে আসে। রাহুলকে নিয়ে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে।

এদিকে, দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে নিতু। রাহুলের বাবা তাকে বাসায় নিয়ে সেবা যত্ন করে। ছেলের বউ হিসেবে নিতুকে মেনে নেয়। তবে রাহুলকে শর্ত দেয় যে, চাকরি পাওয়ার আগে সে বাসায় ঢুকতে পারবে না।

জানা যায়, আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচার হবে ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’।

আরও খবর

Sponsered content