টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ২১ নভেম্বর ২০২৬ , ৩:৫৩:৪৫ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ একটি মাদি হাতির চিকিৎসা চলাকালে পাশে অবস্থান করে পরে সেটিকে নিয়ে বনে ফিরে গেছে একটি পুরুষ হাতি। এ ঘটনায় আহত হাতিটির চলাচল ও শারীরিক অবস্থা আগামী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে আহত মাদি হাতিটিকে সঙ্গে নিয়ে লোকালয়ের কাছাকাছি নেমে আসে পুরুষ হাতিটি। মাদি হাতিটির শরীরে গুলির একাধিক ক্ষত থাকায় সেটি দুর্বল হয়ে পড়ে এবং চলাফেরায় সমস্যা হচ্ছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা আহত হাতিটির চিকিৎসার উদ্যোগ নেন।
চিকিৎসা চলাকালে পুরুষ হাতিটি কিছুটা দূরে অবস্থান করে পুরো সময় নজর রাখে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে মাদি হাতিটির শরীরে থাকা আটটি গুলির ক্ষত পরীক্ষা ও চিকিৎসা করা হয়। চিকিৎসা শেষে মাদি হাতিটি উঠে দাঁড়ালে পুরুষ হাতিটিকে অনুসরণ করে বনের ভেতরে ফিরে যায়।
বন বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, আহত মাদি হাতিটি পুরোপুরি শঙ্কামুক্ত কি না, তা এখনো নিশ্চিত নয়। এ কারণে আগামী পাঁচ দিন ড্রোন ক্যামেরার মাধ্যমে হাতিটির অবস্থান ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। পাহাড়ে অবস্থানরত কোনো সশস্ত্র গোষ্ঠীর গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে বন বিভাগ; তবে কারা এবং কী কারণে গুলি করেছে, তা নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





















