কুড়িগ্রাম প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ১১:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ অলিভ অয়েল জব্দ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের এসব তেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানা পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানের সময় একটি নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের সংকেত পেয়ে চালক দুটি সাদা বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। জব্দ করা তেলের আনুমানিক মূল্য এক লাখ টাকার বেশি।
পুলিশের দাবি, তেলগুলো ভারত থেকে সীমান্তপথে পাচার করে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে কুড়িগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
ওসি এম আর সাঈদ বলেন, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার করা মালামাল সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জব্দ করে থানায় জমা রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট স্থাপন এবং টহল জোরদার করা হয়েছে। চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





















