সাতক্ষীরা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ৪:৫৬:৪১ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা এবং তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এর আগে গত ২১ নভেম্বর সাতক্ষীরা সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা (নং-৫২) দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে সদর উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, তিনি ঝাউডাঙ্গা বাজারে পুরাতন বই, খাতা ও কার্টুনের ব্যবসা করেন। গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোবিন্দকাটি গ্রামের আক্তারুজ্জামান বাপ্পী ও তাঁর ভাই বাবলু দোকানে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা গালিগালাজ ও হুমকি দেন এবং পরবর্তী রোববার সন্ধ্যার মধ্যে টাকা প্রস্তুত রাখতে বলেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, নির্ধারিত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে পাথরঘাটা ব্রিজের মাথা থেকে চার রাস্তার মোড়ে ডেকে নেওয়া হয়। সেখানে পুনরায় চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে স্থানীয় একটি স-মিলে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, শাবল, হাতুড়ি ও কাঠের টুকরো দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন। অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা চলে যায় বলে অভিযোগ করেন তিনি। যাওয়ার সময় তাঁর পকেটে থাকা নগদ ৪২ হাজার ২০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন আলমগীর। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে স্বজনরা তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
লিখিত বক্তব্যে আলমগীর হোসেন আরও বলেন, আক্তারুজ্জামান বাপ্পী ও বাবলুর নেতৃত্বে একটি দল এলাকায় চাঁদাবাজি ও লুটতরাজ চালাচ্ছে। মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর দুই ভাইকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য বা সাতক্ষীরা সদর থানার পুলিশের অবস্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





















