চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৭:৪৫:১৮ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) দেশের ২৩০টি চা-বাগানের সাতটি ভ্যালিতে একযোগে ভোটগ্রহণ হবে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের চা-বাগানগুলোতে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। নির্বাচন ঘিরে হবিগঞ্জের ২৪টি চা-বাগানেও প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় রয়েছেন শ্রমিকেরা।
প্রতি তিন বছর পরপর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৮ সালের পর আর কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশের ২৩০টি চা-বাগানের ১ লাখের বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শ্রম অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক এবং নির্বাচন কমিশনের সদস্য মহব্বত হোসাইন বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ১৫ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচনে প্রত্যেক ভোটার তিনটি করে প্যানেলে ভোট দেবেন—কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটি, নিজ ভ্যালির নেতৃত্বের জন্য একটি এবং বাগানের পঞ্চায়েত কমিটির জন্য একটি প্যানেলে। নির্বাচন কমিশনের কার্যালয় থেকে জানা গেছে, কেন্দ্রীয় সভাপতি প্যানেলে চারজন (একজন সভাপতি, একজন কার্যকরী সভাপতি, একজন সংরক্ষিত নারী সহসভাপতি ও একজন সাধারণ সহসভাপতি) এবং সম্পাদক প্যানেলে চারজন (একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন নারী সম্পাদক ও একজন অর্থ সম্পাদক) থাকবেন। এর সঙ্গে সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত হয়ে কেন্দ্রীয় কমিটি হবে ৩০ জনের।
কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সাতটি ভ্যালি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে। সাতটি ভ্যালির মধ্যে সিলেট, চট্টগ্রাম, লস্করপুর ও লংলা ভ্যালিতে তিনটি করে এবং জুড়ী, বালিশিরা ও মনু-ধলাই ভ্যালিতে দুটি করে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ ছাড়া ২৩০টি বাগান ও পঞ্চায়েত এলাকায় দুই থেকে পাঁচটি পর্যন্ত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলভেদে কমিটির সদস্যসংখ্যা কোথাও ১১, কোথাও ১৩, আবার কোথাও ১৫ জন। নির্বাচন সংশ্লিষ্টদের হিসাবে, সব মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেন্দ্রীয় সভাপতি পদপ্রার্থী রাজু গোয়ালা বলেন, ‘একসময় চা-শ্রমিকদের মজুরি ১০০ টাকার নিচে ছিল। আমরা আন্দোলন করে তা ১৯৮ টাকায় নিয়ে এসেছি। চা-শ্রমিকদের মজুরি ৫০০ টাকায় নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।’
অপর সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। প্রয়াত সভাপতি মাখন লাল কর্মকার অসুস্থ থাকায় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকতে চাই।’
সাধারণ সম্পাদক পদপ্রার্থী পরেশ কালিন্দি বলেন, ‘আমি কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাইব না। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়নে কাজ করতে চাই।’
আরেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুকেশ কর্মকার বলেন, ‘দেড় শ বছর পেরিয়ে গেলেও চা-শ্রমিকদের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করতে চাই।’
ভাড়াউড়া চা-বাগানের পঞ্চায়েত কমিটির প্রার্থী কাঞ্চন গৌড় বলেন, ‘শ্রমিকদের অধিকার আদায় এবং বাগানের সমস্যাগুলো পঞ্চায়েতের মাধ্যমে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়াই আমার লক্ষ্য।’ বালিশিরার সভাপতি প্রার্থী বিজয় হাজরা বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।’
চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মজুরি বৃদ্ধির পাশাপাশি আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ও নিরাপদ কর্মপরিবেশের বিষয়গুলোকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন। শ্রমিকদের ভাষ্য, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নেতৃত্বের সঙ্গে সাধারণ শ্রমিকদের দূরত্ব তৈরি হয়েছে। এবার ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব এলে বাগানভিত্তিক সমস্যা সরাসরি তুলে ধরা সম্ভব হবে।
বালিশিরা চা-বাগানের শ্রমিক সাবিত্রী তাঁতি বলেন, ‘আমরা এমন মানুষকে ভোট দিতে চাই, যাঁরা নির্বাচিত হয়ে শুধু পদে বসে থাকবেন না, শ্রমিকদের অধিকার আদায়ের মাঠে থাকবেন। আমাদের মজুরি, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার জন্য যাঁরা কথা বলবেন, তাঁদেরই বেছে নেব।’ চান্দপুর চা-বাগানের খাইরুন আক্তার ও হাতিমারা চা-বাগানের সুভাষ চন্দ্রও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনের প্রত্যাশা জানান।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য আজাদ রহমান। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, নির্বাচিত ব্যক্তিরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন আয়োজনের জন্য সরকার ৫০ লাখ টাকা এবং চা-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। ভোটের দিন নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে একজন এসআই ও তিনজন কনস্টেবলের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতিটি বুথে দুজন করে পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সীমান্তবর্তী চা-বাগানের কেন্দ্রগুলোতে বিজিবি মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে।





















