দিনাজপুর প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ২:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর মৌজার একটি জমি নিয়ে বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বিকেলে বিরামপুর পূর্বপাড়া মোড়ের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এনায়েত আলী মন্ডল।
সংবাদ সম্মেলনে এনায়েত আলী মন্ডল দাবি করেন, পূর্বজগন্নাথপুর মৌজার ৪২ নম্বর দাগের ১০ শতক জমি তিনি ২০০১ সালে কিনে নেন এবং ২০০২ সালে নামজারি করেন। তাঁর দাবি, একই জমি সেলিনা জামানের নামে দলিল তৈরি করে তাঁর স্বামী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা দখলের চেষ্টা করেন।
তিনি আরও জানান, সম্প্রতি ওই জমিতে সেলিনা জামানের লোকজন স্থাপনা নির্মাণের চেষ্টা করলে তিনি পুলিশের কাছে যান এবং পরে পুলিশ নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে আবারও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তাঁর লোকজনের বাধায় কাজটি বন্ধ থাকে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাপ্পী হোসেন বেলাল বলেন, এনায়েত আলীর ডাকে তিনি ওই এলাকায় গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন প্রামাণিক মুঠোফোনে জানান, বিরোধপূর্ণ জমিটির বিষয়ে এনায়েত আলী মন্ডল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।















