নিজস্ব প্রতিবেদক: ২৭ জুলাই ২০২৬ , ১০:৩৫:৪৪ প্রিন্ট সংস্করণ
ঢাকা মহানগর উত্তরের ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মাসুমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে তার বিরুদ্ধে প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। পাশাপাশি রাজধানীর কড়াইল বস্তি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, দলীয় পরিচয় ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের সিন্ডিকেট পরিচালনা করছেন। তাদের দাবি, এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভাইরাল ভিডিও ও অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. মাসুমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে তার এক ঘনিষ্ঠ সহযোগী, নাম প্রকাশ না করার শর্তে, অভিযোগ অস্বীকার করে বলেন, “সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে।”
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, “আমাদের দল কোনো অবস্থাতেই মাদক বা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে প্রশ্রয় দেয় না। বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, ভাইরাল ভিডিও এবং মাদক সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।





















