স্টাফ রিপোর্টার, মাদারীপুর ৫ আগস্ট ২০২৫ , ৫:৪৩:৪৩ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শহীদের স্মরণে এই শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও কালকিনি থানা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে “জুলাই অভ্যুত্থান দিবস” পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করা হয় — এনায়েত নগর ইউনিয়নের শহীদ মোঃ লোকমান হোসেন, শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের শহীদ মোশাররফ,রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের মোঃ সিফাত হাওলাদার, আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মোঃ রফিকুল সরদার এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ হাসিবুর রহমানের সমাধিস্থলে ।
এই সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “এই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনচেতা মানসিকতার প্রতীক। তাদের রক্ত যেন বৃথা না যায়, সে লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”




















