নীলফামারী প্রতিনিধি ॥ ৬ জানুয়ারি ২০২৬ , ৭:৪৭:১০ প্রিন্ট সংস্করণ
নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, “গত ৫৪ বছরে আমরা যাদের ক্ষমতায় দেখেছি, তারা সবাই যোগ্যতার সঙ্গেই দুর্নীতি করে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবে না, কাউকেও দুর্নীতি করতে দেবে না। প্রতিটি আসনের উন্নয়ন বরাদ্দ শতভাগ জনগণের উন্নয়নে ব্যয় করা হবে।”
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমীর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডোমার উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়নি। তবে বর্তমানে জনগণের মাঝে দলটির প্রতি একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “কোনো দল রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাওয়ার আগে তারা দেশ পরিচালনায় সক্ষম কি না, তা আগেই বিচার করা সমীচীন নয়। যেমন—কোনো শিক্ষক যদি কখনো প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের সুযোগ না পান, তাহলে তিনি সে দায়িত্ব কতটা দক্ষতার সঙ্গে পালন করবেন, তা আগেভাগে বলা যায় না। তাই জামায়াতে ইসলামিকে অন্তত একবার সুযোগ দিয়ে দেখা প্রয়োজন।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং সংসদীয় আসনভিত্তিক বরাদ্দ অর্থ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।
মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে নয়, রাষ্ট্র ও জাতির স্বার্থে কাজ করবে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাতিকে যেন আর কোনো বিপর্যয়ের মুখে পড়তে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুজিবুর রহমান, ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডোমার উপজেলা কর্মপরিষদের সদস্য হাফেজ আব্দুল হক।
এছাড়াও সভায় ডোমার প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও ডোমার রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















